ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায় সম্প্রতি হরিয়ানার কর্নলে একটি স্টেজ শোতে অংশ নিতে গিয়ে প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে এবার সোচ্চার হয়েছেন টলিউড সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
কর্নলের ওই অনুষ্ঠানে মঞ্চে ওঠার সময় ছবি তোলার অজুহাতে একদল ব্যক্তি মৌনী রায়কে ঘিরে ধরেন। অভিনেত্রীর অভিযোগ, ভিড়ের মধ্যে বয়সে প্রবীণ দুই ব্যক্তি এবং তাদের সঙ্গে থাকা পরিবারের পুরুষ সদস্যরা তার কোমরে হাত দেন এবং অশালীনভাবে স্পর্শ করেন।
ঘটনার পর সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন মৌনী রায়। তিনি লেখেন, মঞ্চের দিকে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তার কোমরে হাত রেখে ছবি তুলছিলেন। তাদের হাত সরাতে বললে বিষয়টি তারা স্বাভাবিকভাবে নেননি বলেও উল্লেখ করেন তিনি।
মৌনীর প্রতিবাদী অবস্থানের প্রশংসা করে শুভশ্রী গঙ্গোপাধ্যায় সামাজিক মাধ্যমে লেখেন, নতুন বছর এলেও বাস্তবতা বদলায়নি। এখনও মহিলাদের হেনস্তার শিকার হতে হচ্ছে। তিনি বলেন, নারীদের ভোগ্যপণ্য হিসেবে দেখার মানসিকতা এখনও রয়ে গেছে, যা অত্যন্ত লজ্জাজনক।
শুভশ্রী আরও লেখেন, মৌনী যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনার প্রতিবাদ করে মৌনী সকল নারীর প্রতিনিধি হিসেবে সাহসিকতার পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।