দীর্ঘ এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এশিয়া কাপের ট্রফি জিতল পাকিস্তান। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ২০১২ সালে যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার পর এবারই প্রথম এককভাবে যুব এশিয়া কাপ জয়ের স্বাদ পেল তারা।
দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে রেকর্ড ৩৪৭ রান সংগ্রহ করে। এটাই এশিয়া কাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। বিশাল এই ইনিংসের নায়ক ওপেনার সমীর মিনহাস, যিনি ১৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ১৫২.২১ স্ট্রাইকরেটে খেলা এই ইনিংসে ছিল ১৭টি চার ও ৯টি ছক্কা। এছাড়া আহমেদ হুসেইন করেন ৫৬ রান। ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন দীপেশ দীপেন্দ্রন।
৩৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও দ্রুতই ছন্দ হারায় ভারত। ওপেনার বৈভব সূর্যবংশী প্রথম ওভারেই ঝড়ো ব্যাটিং করলেও তৃতীয় ওভার থেকেই ভাঙতে শুরু করে ভারতীয় ব্যাটিং লাইনআপ। অধিনায়ক আয়ুশ মাহত্রে দ্রুত আউট হলে বিপর্যয়ে পড়ে দলটি। মাত্র ৬৮ রানেই ৫ উইকেট হারায় ভারত। শেষদিকে দশ নম্বরে নামা দীপেশ দীপেন্দ্রন ৩৬ রান করে কিছুটা লড়াই করলেও শেষ পর্যন্ত ভারত গুটিয়ে যায় ১৫৬ রানে।
পাকিস্তানের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন আলি রাজা। তিনি চার উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। শেষ ব্যাটার আউট হতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে পাকিস্তান শিবির। পতাকা হাতে খেলোয়াড় ও দর্শকেরা একসঙ্গে উদযাপন করেন ঐতিহাসিক এই জয়।
এই জয়ের মাধ্যমে গ্রুপ পর্ব ও আগের ফাইনালের হারের প্রতিশোধ নিল পাকিস্তান। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো ভারতকে।












