এ বছরের শেষ চন্দ্রগ্রহণ হবে আজ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এ চন্দ্রগ্রহণ দেখা যাবে। রোববার (৭ সেপ্টেম্বর) রাত থেকে চন্দ্রগ্রহণটি শুরু হয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত চলবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, চন্দ্রগ্রহণটি ৭ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে গ্রহণ। বাংলাদেশ সময় অনুযায়ী ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে।
রোববার থেকে সোমবার অর্থাৎ সাত থেকে আট সেপ্টেম্বর তারিখে হতে যাওয়া পূর্ণ চন্দ্রগ্রহণকে ‘সুপার ব্লাড মুন’ নাম দেওয়া হয়েছে। আকারে সাধারণ সময়ের চাঁদের থেকে সাত শতাংশ এবং উজ্জ্বলতায় ১৫ শতাংশ বেশি হতে পারে এই সুপার ব্লাড মুন।
এই দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না।
উল্লেখ্য, আকাশপ্রেমী ও সাধারণ মানুষ— সবার জন্য এটি এক অনন্য সুযোগ। শুধু সৌন্দর্য নয়, চাঁদের লাল রঙের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের অবস্থা পর্যবেক্ষণ করারও বিরল সুযোগ মিলবে।
কেন হয় চন্দ্রগ্রহণ
যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান নেয় এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এর ফলেই ঘটে চন্দ্রগ্রহণ। তবে তিনটি মহাজাগতিক বস্তুর কৌণিক দূরত্ব নির্ধারণ করে গ্রহণ পূর্ণগ্রাস হবে নাকি খণ্ডগ্রাস।