গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো বার্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স–এ মোদি খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উদ্বেগ প্রকাশ করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
মোদি তাঁর বার্তায় লিখেছেন, খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের গণজীবনে তাঁর দীর্ঘ অবদান তুলে ধরে মোদি আরও জানান, দ্রুত আরোগ্যের জন্য ভারতের পক্ষ থেকে আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল এবং প্রয়োজন হলে ভারত যেকোনোভাবে সহায়তা দিতে প্রস্তুত।
মোদির বার্তার পর বিএনপির অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে জানানো হয়, খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভারতের প্রধানমন্ত্রীর সুচিন্তিত বার্তার জন্য বিএনপি আন্তরিক কৃতজ্ঞ। দলটি সহায়তার প্রস্তুতির জন্যও মোদিকে ধন্যবাদ জানিয়েছে।
সংকটাপন্ন অবস্থায় খালেদা জিয়া
৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক জটিলতা বাড়তে থাকে। পরে তাঁকে সিসিইউতে স্থানান্তর করে ভেন্টিলেশনসহ জীবনরক্ষাকারী ব্যবস্থা দেওয়া হয়। বিদেশি বিশেষজ্ঞসহ একটি মেডিকেল টিম সার্বক্ষণিক তাঁর চিকিৎসা তদারক করছে।
বিএনপি নেতারা জানিয়েছেন, তাঁর অবস্থায় কোনো উন্নতি দেখা যায়নি। দলের ভাইস–চেয়ারম্যান আহমেদ আযম খান বলেন, চিকিৎসকেরা প্রায় সব ধরনের চিকিৎসা প্রয়োগ করেছেন, কিন্তু তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানান, দেশি–বিদেশি চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন, তবে পরিস্থিতি উদ্বেগজনক।
লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও চোখের জটিলতাসহ দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। উন্নত চিকিৎসার জন্য চার মাস লন্ডনে থাকার পর তিনি চলতি বছরের ৬ মে দেশে ফেরেন।