আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “আজ ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করছি। এরপর আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন, তাদের সঙ্গে আলোচনা করে বাকি আসনগুলোতে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে আসন পরিবর্তনও করা হতে পারে। এটি আমাদের সম্ভাব্য উপযুক্ত প্রার্থীর তালিকা।”
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার এক সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি নির্বাচনে অংশগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করছে। দেশের প্রতিটি সংসদীয় আসনে একাধিক যোগ্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন—এটি দলের জন্য গৌরবের বিষয়।”
তিনি আরও বলেন, “শিগগিরই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। দল যাকে নমিনেশন দেবে, তাকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।”
এর আগে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, এলডিপি ও লেবার পার্টি পৃথকভাবে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে।