জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত সোমবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পৌঁছেছেন । প্রধান উপদেষ্টা ড.ইউনু্স ও তার প্রতিনিধিদের আগমন উপলক্ষে নিউ ইয়র্কে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
ড. ইউনূসের সফর ঘিরে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। একই সঙ্গে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বিমানবন্দরে জড়ো হওয়ার ঘোষণা দেন। বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের ‘জ্যাকসন হাইটস চত্বরে’ বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের পক্ষে-বিপক্ষে স্লোগানে উত্তপ্ত ছিল পুরো জায়গা।
একই এলাকায় প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধিদলের আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উভয়পক্ষের স্লোগানে তৎক্ষণাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
প্রতক্ষ্যদর্শীরা জানান, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধিদলকে স্বাগত জানাতে মিছিল করে যুক্তরাষ্ট্র বিএনপি।