আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিন বন্ধ থাকবে দেশের সব তপশিলি ব্যাংকের কার্যক্রম। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে এই ছুটি শুরু হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাহী আদেশে ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সরকারি ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই দুই দিন দেশের সব তপশিলি ব্যাংক বন্ধ থাকবে।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্টের (এসডিএডি) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।
উল্লেখ্য, ১১ ও ১২ ফেব্রুয়ারির পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে। ফলে ১১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার দিন দেশের ব্যাংকগুলোতে লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।