বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনে করেন, অনির্বাচিত অন্তর্বর্তী সরকার দেশের দীর্ঘমেয়াদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে না। চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ–পরিচালনা ও ঢাকার পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার পাশাপাশি, ২০২৬ সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের বিষয়গুলোকে তিনি দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করেছেন।
তারেক বলেন, এসব কৌশলগত সিদ্ধান্ত জনগণের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে, কিন্তু যাদের গণতান্ত্রিক ম্যান্ডেট নেই, তারা তা নিচ্ছে। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টে জানিয়েছেন, যে সিদ্ধান্তের কারণে কারখানার মালিক ও শ্রমিকরা কঠিন পরিস্থিতিতে পড়ছেন, সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাঁদের কখনো দেওয়া হয়নি।
তিনি বলেন, “একটি দেশ যেই সরকারকে নির্বাচিত করেনি, সেই সরকার দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না। কৌশলগত ধৈর্য কখনোই দুর্বলতা নয়। জনগণের মতামত কোনো বাধা নয়। গণতান্ত্রিক বৈধতা মানে বিলম্ব নয়।”
তারেকের মতে, দেশের মানুষ তাদের ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিতে চায় এবং ২০২৬ সালের সাধারণ নির্বাচনের মাধ্যমে এই অধিকার পুনঃস্থাপন হবে।