প্রায় এক ঘণ্টা অবরোধের পর রাজধানীর ফার্মগেটে সড়ক ছেড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ওই এলাকার যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে সরকারি বিজ্ঞান কলেজসহ আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করেন। তাদের দাবির মধ্যে ছিল—ফুটপাত দখলমুক্তকরণ, সড়ক নিরাপত্তা অবকাঠামো স্থাপন, অবৈধ পার্কিং বন্ধ, ভারী যানবাহন নিয়ন্ত্রণ ও নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা।
পরে সিটি করপোরেশন বরাবর স্মারকলিপি দিয়ে শিক্ষার্থীরা আজকের মতো অবরোধ তুলে নেন। এ সময় তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।
অবরোধ শেষে পুলিশ ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান শুরু করে। এর আগে, মঙ্গলবারও একই দাবিতে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিলেন।