দীর্ঘ বিরতির পর পাকিস্তানের টি–টোয়েন্টি দলে ফিরলেন সাবেক অধিনায়ক বাবর আজম। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ এবং শ্রীলঙ্কা–জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন এই তারকা ব্যাটার।
টি–টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বেশি রান সংগ্রাহক বাবর আজম। এখন পর্যন্ত ৪২২৩ রান করেছেন তিনি, গড় প্রায় ৪০, যার মধ্যে রয়েছে ৩টি সেঞ্চুরি ও ৩৬টি ফিফটি। তবে সাম্প্রতিক সময়ে তাঁর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা এবং “নিজের জন্য খেলেন, দলের জন্য নয়” এমন মন্তব্যের পর একপর্যায়ে বাদ পড়েছিলেন তিনি।
গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর শেষে বাবর আর টি–টোয়েন্টি দলে জায়গা পাননি। তবে এশিয়া কাপে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার পর তাঁর প্রত্যাবর্তনের জোর গুঞ্জন ওঠে, এবং শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো।
বাবরের পাশাপাশি ফিরেছেন পেসার নাসিম শাহ, যিনি এশিয়া কাপে দলে ছিলেন না। নেতৃত্বে থাকছেন সালমান আলী আগা, যিনি অধিনায়কত্ব নিয়ে সমালোচনার মুখে ছিলেন।
নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন অফ স্পিনার উসমান তারিক, যিনি সর্বশেষ সিপিএলে নিয়েছিলেন ২০ উইকেট। মূল দল থেকে বাদ পড়া ফখর জামান ও হারিস রউফ রয়েছেন রিজার্ভ দলে, আর এশিয়া কাপে খেলা মোহাম্মদ হারিস এবার বাদ পড়েছেন।
পাকিস্তান–দক্ষিণ আফ্রিকা টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ অক্টোবর এবং শেষ হবে ১ নভেম্বর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে।
এরপর ১৭ থেকে ১৯ নভেম্বর একই ভেন্যুতে হবে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ।
এছাড়া পাকিস্তান দল ঘোষণা করেছে ওয়ানডে স্কোয়াডও, যেখানে ফিরেছেন ফয়সাল আকরাম, হারিস রউফ ও হাসিবউল্লাহ। অধিনায়কত্ব হারালেও মোহাম্মদ রিজওয়ান রয়েছেন ওয়ানডে দলে।
ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত।