ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ সিদ্ধান্তের কথা জানান।
মনোনয়নপত্র বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা জানান, তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন।
তিনি বলেন, মনোনয়নপত্রে দেওয়া সমর্থনকারী দুই ভোটারের তথ্যে গরমিল পাওয়া গেছে বলে জানানো হয়েছে। এর মধ্যে একজন ভোটার যে ঢাকা-৯ আসনের ভোটার নন, তা জানার কোনো উপায় তাঁর ছিল না। অন্য একজন ভোটারের ক্ষেত্রে এসআইডির হার্ড কপিতে থাকা ঠিকানা অনুযায়ী তিনি ঢাকা-৯ আসনের ভোটার বলে ধারণা করা হয়েছিল। তবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ওই ভোটার এ আসনের অন্তর্ভুক্ত নন।
এর আগে গত ২৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দেন ডা. তাসনিম জারা। এরপর তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানান। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটেই তিনি এ সিদ্ধান্ত নেন বলে উল্লেখ করেন।