বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়া থেকে একের পর এক তারকা উঠে এসেছে মেসি, ইনিয়েস্তা, জাভি থেকে শুরু করে বুসকেটস, ফ্যাব্রেগাস, গাভি কিংবা লামিনে ইয়ামাল পর্যন্ত। সেই ধারা ধরে এবার আলোচনায় এসেছে মাত্র ১২ বছর বয়সী ডেসটিনি কোসিসো এজিফোর। অসাধারণ গোলদক্ষতার সুবাদে ইতোমধ্যেই উঠতি প্রতিভাদের তালিকায় জায়গা করে নিয়েছে এই কিশোর, যার সঙ্গে সম্প্রতি বাণিজ্যিক চুক্তি করেছে ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকি।
নাইজেরিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ ডেসটিনি বর্তমানে বার্সেলোনার অনূর্ধ্ব–১২ দলে খেলছে। প্রথম মৌসুমে তাকে বড়দের দলে খেলার সুযোগ দেওয়া হয়, যেখানে ৯ ম্যাচে সে করেন ১৬ গোল। তবে রীতিমতো বিস্ময় জাগিয়েছে গত মৌসুমের পারফরম্যান্স সাতজনের দলে ৫২ ম্যাচে তার গোল ১৪৫টি! সেই অনবদ্য পারফরম্যান্সের পরেই আলোচনায় উঠে আসে তার নাম।
ডেসটিনির ফুটবল পরিবার তার বাবা এজিকে পাসচ্যাল স্পেনের তৃতীয় বিভাগে খেলেছেন, আর তার তিন ছেলেই আজ লা মাসিয়ায়। বড় ভাই ডেভিড খেলছে স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তরে কর্নেলায়, আর মেজ ভাই ডিভাইন বার্সার অনূর্ধ্ব–১৫ দলে। তবে সবচেয়ে বেশি নজর কাড়ছে ছোট ভাই ডেসটিনি।
জ্যামন কাপ ও কোপা ইসকা প্রতিযোগিতায়ও ডেসটিনি ঝলক দেখিয়েছে। কোপা ইসকা ২০২৩–২৪ মৌসুমে ২০ গোল করে বার্সাকে চ্যাম্পিয়ন করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সে। শক্তিশালী পা, গতি, দুই পায়ে দক্ষতা এবং হেডে গোল করার ক্ষমতায় তাকে বয়স-সীমার সেরাদের একজন হিসেবেই দেখা হচ্ছে।
তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে চলতি মাসেই নাইকি ডেসটিনির সঙ্গে বাণিজ্যিক চুক্তি করে। এ চুক্তির সঙ্গে জড়িত বিখ্যাত ফুটবল এজেন্ট পিনি জাহাভির প্রতিষ্ঠান গোল ইন্টারন্যাশনাল লিমিটেড। ফিফার নিয়ম অনুযায়ী, ১৬ বছরের আগে কোনো ফুটবলারের সঙ্গে প্রতিনিধিত্বমূলক চুক্তি করা নিষিদ্ধ হলেও বাণিজ্যিক দিক থেকে পরিবারকে পরামর্শ দেওয়া বৈধ—এ পথেই ডেসটিনির চুক্তি সম্পন্ন হয়।
জাহাভি বলেন, “ছেলেটা সত্যিই বিশেষ। যদি ভুল না করি, গত মৌসুমে সে ৫২ ম্যাচে ১৪৫ গোল করেছে। এমন প্রতিভাদের জন্যই বড় ব্র্যান্ডগুলো আগেভাগে যোগাযোগ করে।”
ডেসটিনির ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে তা সময়ই বলে দেবে, তবে ১২ বছর বয়সেই এমন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসা তাকে নিঃসন্দেহে লা মাসিয়ার নতুন বিস্ময়বালক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।