নির্বাচনের প্রস্তুতি ভালো, সুষ্ঠু ভোটের সব ব্যবস্থা নিশ্চিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো অবস্থায় আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলছে এবং উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের পরিবেশ নিশ্চিত করার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা জানান। জাহাঙ্গীর আলম বলেন, জানুয়ারির মধ্যেই সব বাহিনীর প্রশিক্ষণ সম্পন্ন হবে। নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা ব্যবহার করা হবে। এছাড়া ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করারও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, নির্বাচনের আগে খুন-অপরাধ পুরোপুরি বন্ধ হবে না। তিনি বলেন, “আমার কাছে তো ম্যাজিক নেই; লাইট অফ বন্ধ হয়ে যাবে আর হয়ে গেল এভাবে কাজ হয় না।”

জাতীয় পার্টি ও অন্যান্য রাজনৈতিক দল সম্পর্কেও তিনি বলেন, সব দল এখন মাঠে রয়েছে। তবে কেউ কেউ ঘরে বসে রাজনীতি করতে চায় এবং তাদের পার্টি অফিসের সমস্যা রয়েছে।

এ সময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কঠোর নির্দেশও দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, “সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও ভোটের কার্যক্রম যেন কোনো প্রভাববিস্তার ছাড়া সম্পন্ন হয় সেই দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *