অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারি কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি একই ধরনের চাকরিতে থাকা উচিত নয়। দীর্ঘদিন একই দায়িত্বে থাকলে মানুষের চিন্তাধারা নির্দিষ্ট কাঠামোয় আটকে যায়, ফলে সৃজনশীলতা নষ্ট হয় এবং নতুন ভাবনার বিকাশ বাধাগ্রস্ত হয়।
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন।
প্রধান উপদেষ্টা বলেন,
“প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পরপর নতুনভাবে শুরু করা উচিত। সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য ও বাস্তবতা পরিবর্তন হলেও অনেক প্রতিষ্ঠান পুরোনো চিন্তাধারা নিয়েই চলতে থাকে, যা অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।”
চাকরিমুখী মানসিকতার সমালোচনা করে ড. ইউনূস বলেন,
“সবার জন্য চাকরি নিশ্চিত করার ধারণা একটি ভুল চিন্তা। এটি এক ধরনের দাসপ্রথার শামিল। আমাদের লক্ষ্য হওয়া উচিত উদ্যোক্তা সৃষ্টি করা। সরকারকে উদ্যোক্তা তৈরিতে সহায়কের ভূমিকা নিতে হবে।”
তিনি আরও বলেন, জুলাই আন্দোলন দেশের রাজনীতিতে যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল, ঠিক তেমনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
“আমি বিশ্বাস করি, জুলাই আন্দোলনের তরুণরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে,”—যোগ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
ডিজিটাল উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি, বিনিয়োগ সম্প্রসারণ ও প্রযুক্তিভিত্তিক ভবিষ্যৎ গঠনের লক্ষ্য নিয়ে আয়োজিত এ এক্সপোকে দেশের আইসিটি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।