আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
এ লক্ষ্যে রোববার সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা নৌবাহিনীর দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নৌবাহিনীর নিয়োজিত কন্টিনজেন্ট, ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
টেকনাফ, সেন্টমার্টিন ও মহেশখালী এলাকায় দায়িত্ব পালনরত নৌবাহিনী কন্টিনজেন্ট পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্টদের সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে স্বাভাবিক ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, সাধারণ মানুষ যেন নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যেই নৌবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে নৌবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
এ ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নৌবাহিনী স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে জানান তিনি। এই নির্বাচন যেন একটি উদাহরণ ও দৃষ্টান্তমূলক নির্বাচন হিসেবে বিবেচিত হয়, সে লক্ষ্যে সবার বলিষ্ঠ ভূমিকা ও সহযোগিতা কামনা করেন তিনি।
সরকার, নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে—এমন আশাবাদও ব্যক্ত করেন সহকারী নৌবাহিনী প্রধান।