হেনস্তার শিকার হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও ওপার বাংলার সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী। পশ্চিমবঙ্গের বনগাঁয় একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে তিনি এই অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি হন। সম্প্রতি গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে ঘটে যাওয়া শ্লীলতাহানির ঘটনার রেশ কাটতে না কাটতেই মিমির সঙ্গে এমন আচরণে টলিউডে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা গেছে, বনগাঁয় আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে চরম বিশৃঙ্খলার মধ্যে পড়েন মিমি চক্রবর্তী। ভক্তদের অতিরিক্ত উচ্ছ্বাস এবং আয়োজকদের অব্যবস্থাপনায় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, তাকে শারীরিক হেনস্তার মতো পরিস্থিতির সম্মুখীন হতে হয়।
ঘটনাটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মিমি চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, দীর্ঘ ক্যারিয়ারে এর আগে কখনো এমন আচরণের শিকার হননি তিনি। এটিকে তার জন্য অত্যন্ত তিক্ত ও লজ্জাজনক অভিজ্ঞতা বলে উল্লেখ করেন অভিনেত্রী।
তিনি আরও বলেন, বর্তমানে অনেক দর্শকই ধরে নিচ্ছেন মঞ্চে পারফর্ম করতে আসা শিল্পীরা যেন তাদের ব্যক্তিগত সম্পত্তি। এই মানসিকতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিল্পীদের সম্মান ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা আয়োজকদের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, কিছুদিন আগে পূর্ব মেদিনীপুরে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গায়িকা লগ্নজিতা চক্রবর্তীও একই ধরনের আপত্তিকর আচরণের শিকার হন। একের পর এক তারকা শিল্পী হেনস্তার শিকার হওয়ায় পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনে শিল্পীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।