হার দিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে লাল-সবুজের মেয়েরা সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে।
রোববার (৭ ডিসেম্বর) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের আক্রমণে মাত্র ৩১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ৮৬ রান সংগ্রহ করে। পাকিস্তানের পক্ষে ইমান নাসির ২৩ এবং মেমুনা খালিদ ১৯ রান করেন। বাংলাদেশের হয়ে হাবিবা ও অতশী নেন ২টি করে উইকেট।
৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই ওপেনারকে মাত্র ৮ রানে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর জান্নাত ইমান্তা ও সাদিয়া ইসলামের জুটি খেলে দলের জয় নিশ্চিত করে। সাদিয়া ২৮ বলে ৩৫ রান করেন, আর ইমান্তা ২৫ বলে ৩০ রান করে অপরাজিত থেকে ৭ উইকেটে বড় জয় এনে দেন। বাংলাদেশের মেয়েরা শেষ পর্যন্ত ৩৯ বল হাতে রেখেই মাঠ ছাড়ে।