ঘূর্ণিঝড় ‘আসনা’ ধেয়ে আসছে আরব সাগরের

উত্তর-পূর্ব আরব সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসরের সঙ্গে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘আসনা’য় পরিণত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) দুপুরের দিকে এটি কেন্দ্রীভূত হয়েছে। এবারের ঘূর্ণিঝড়ের নাম ‘আসনা’ দিয়েছে পাকিস্তান।

ঘূর্ণিঝড়টি বর্তমানে ভারতের গুজরাটের ভুজ অঞ্চল থেকে ১৯০ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে এবং পাকিস্তানের করাচি থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।

এটি আগামী দুইদিন ভারতীয় উপকূল থেকে দূরে উত্তর-পূর্ব আরব সাগরের ওপর দিয়ে ওমানের দিকে অগ্রসর হতে পারে। ইতোমধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের গুজরাট অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে।

গুজরাটের কচ্ছ জেলা কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের বাড়ি ছেড়ে স্কুল বা অন্যান্য স্থিতিশীল ভবনে আশ্রয় নিতে বলেছে। পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া দ্বারকা, মোরবি, বরোদাসহ একাধিক জেলায় সেনাবাহিনী নামিয়ে বিপর্যয় মোকাবিলা করতে হচ্ছে।

ভারতের আবহাওয়াবিদরা বলছেন, বর্ষার মৌসুমে এ অঞ্চলে ঘূর্ণিঝড় বিরল। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর শক্তিশালী প্রতিরোধের জন্য নিম্নচাপগুলো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে না।

অন্যদিকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর। পাশাপাশি পাকিস্তানের দুটি জেলায় বন্যা নিয়েও সতর্কতা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, ১৮৯১-২০২৩ সালের মধ্যে আরব সাগরে মোট তিনটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। তবে আগস্ট মাসে আরব সাগরে ঘূর্ণিঝড় একটি বিরল ঘটনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *