রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী এলাকা থেকে নিজ বাসা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তৃতীয় বর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী জুবাইদা ইসলাম ইতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষার্থী ইতি তার মায়ের সঙ্গে মেহেরচণ্ডী এলাকার বাসায় বসবাস করতেন। তার বাবা ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে (আইবিএস) পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ উদঘাটনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে। রামেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস জানান, শিক্ষার্থীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে মানসিক অবসাদ বা বিষণ্ণতার কারণে এমন ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।