‘আজেবাজে ভিডিও বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে’—সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিং ও ট্রোলিংয়ের বিরুদ্ধে এবার প্রকাশ্যে সরব হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। অপপ্রচার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি করে চরিত্র হননের ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিং ও ট্রোলিং এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। সাংবাদিকসহ তার অনেক সহকর্মীই তাকে বারবার আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। এতদিন বিষয়গুলো এড়িয়ে চললেও নীরব থাকলে অপপ্রচার আরও বাড়ে বলেও মন্তব্য করেন তিনি।
ভিউ ও ডলার আয়ের অসুস্থ প্রতিযোগিতাকে এসব অপপ্রচারের মূল কারণ হিসেবে উল্লেখ করেন এই অভিনেত্রী। বুবলীর ভাষায়, সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভিউ মানেই ব্যবসা। নেগেটিভ বা মিথ্যা গুজব ছড়ালে ভিউ বেশি পাওয়া যায় বলেই অনেকে পজিটিভ বিষয় তুলে ধরতে চায় না। এআই প্রযুক্তি ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আজেবাজে ভিডিও বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সবচেয়ে হতাশাজনক বিষয় হিসেবে নারীদের দ্বারাই নারীদের ট্রোল করার প্রবণতার কথা তুলে ধরেন বুবলী। তিনি বলেন, বর্তমানে মেয়েরাই মেয়েদের সবচেয়ে বেশি আক্রমণ করছে, যা দুঃখজনক।
বিদেশে বসে দেশের শিল্পীদের হেয় প্রতিপন্ন করার প্রবণতাও তার নজরে এসেছে। বুবলীর মতে, শিল্পীদের ছোট করা মানেই দেশকে ছোট করা। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এজন্য দেশের প্রচলিত সাইবার ক্রাইম আইনের আওতায় দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তিনি।