টমেটো তুলতে গিয়ে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সদর উপজেলার শিবপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং একই উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুল ইসলামের বাড়ির পাশেই তার একটি টমেটো ক্ষেত রয়েছে। ইঁদুর ও শিয়ালের উৎপাত থেকে ফসল রক্ষার জন্য তিনি ক্ষেতের চারপাশে ঘেরার সঙ্গে বিদ্যুতের সংযোগ দিয়েছিলেন। শনিবার সকালে নিজ ক্ষেতে টমেটো তুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারে মনিরুল ইসলামের পা আটকে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গেলে পাশের ক্ষেতের মালিক আব্দুর রহিমও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফসল রক্ষার জন্য অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। অসাবধানতার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সুত্রঃবাসস