জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫-এর গেজেট প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ গেজেট প্রকাশ করা হয়।
এর আগে উপদেষ্টা পরিষদ জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুমোদন দেয়। দুপুরে রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে আদেশের সারসংক্ষেপে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আদেশে বলা হয়, সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের প্রকাশ ঘটেছে। ওই অভ্যুত্থানের ফলে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে, ৬ আগস্ট জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং ৮ আগস্ট বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।
রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে সুশাসন, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি রোধে অন্তর্বর্তী সরকার সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করে। এসব কমিশন তাদের প্রতিবেদন সরকারকে জমা দেয়।
পরবর্তীতে এসব সুপারিশের বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার গত ১২ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে। কমিশনটি গণঅভ্যুত্থনে অংশ নেওয়া রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে আলোচনা করে সংবিধান সংস্কারসহ অন্যান্য সংস্কার বিষয়ক প্রস্তাবসমূহ নিয়ে জুলাই জাতীয় সনদ ২০২৫ প্রণয়ন করে। দল ও জোটসমূহ সম্মিলিতভাবে উক্ত সনদে স্বাক্ষর ও তা বাস্তবায়নের অঙ্গীকার করে।
সংবিধান সংস্কারের প্রস্তাব বাস্তবায়নের জন্য জনগণের অনুমোদন প্রয়োজন উল্লেখ করে আদেশে বলা হয়, এ উদ্দেশ্যে গণভোট আয়োজন, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং পরিষদ কর্তৃক সংবিধান সংস্কারের প্রয়োজন রয়েছে।
আদেশে বলা হয়, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের জন্য আনুষ্ঠানিক আদেশ জারি করা প্রয়োজন। তাই ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অন্তর্বর্তী সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই আদেশ জারি করেছেন।
এ আদেশের (ক) ১, ২, ৩, ৪, ৫, ৬, ১২ ও ১৫ অনুচ্ছেদ অবিলম্বে কার্যকর হবে, এবং (খ) ৭, ৮, ৯, ১০, ১১, ১৩ ও ১৪ অনুচ্ছেদ গণভোটে ইতিবাচক ফলাফল সাপেক্ষে সরকারি গেজেটে প্রকাশের তারিখে কার্যকর হবে।
গণভোট বিষয়ে আদেশে বলা হয়েছে, জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত অংশ গণভোটে উপস্থাপন করা হবে।