আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হবে।
শনিবার সকালে রাজধানীর মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।
তিনি জানান, দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় এককভাবে দায়িত্বে থাকবে বিজিবি। পাশাপাশি ঝুঁকি বিবেচনায় দেশের ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি সদস্যদের মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে মোতায়েন করা হবে।
কর্নেল এস এম আবুল এহসান বলেন, প্রতিটি উপজেলায় গড়ে দুই থেকে চার প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচনের পুরো সময়জুড়ে ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকায় কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, ঢাকা সেক্টরের অধীনে ৪২টি অস্থায়ী বেজ ক্যাম্পের মাধ্যমে ৯টি জেলা ও ৪টি সিটি কর্পোরেশনের ৫১টি নির্বাচনী এলাকায় মোট ১৩৪ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এ দায়িত্বে থাকবে ঢাকা ব্যাটালিয়ন (৫ ও ২৬ বিজিবি), নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) এবং গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)।
যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স ফোর্স এবং হেলিকপ্টার ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি বিশেষ তল্লাশি ও নিরাপত্তা জোরদারে কে-নাইন ডগ স্কোয়াড মোতায়েন করা হবে।
বিজিবি জানায়, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনী দায়িত্বে বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টর, সাঁজোয়া যান (এপিসি) ও আধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করা হবে।
নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ব্যাটালিয়ন ও সেক্টর সদর দপ্তরে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। ভোটের দিন নাশকতা প্রতিরোধে টহল জোরদার, চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হবে।
রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বিজিবি। সংস্থাটি আশা প্রকাশ করেছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।
সুত্রঃবাসস