আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি নিরপেক্ষ থেকে আইন মেনে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, “কোনো চাপের কাছে নতিস্বীকার করা যাবে না, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকতে হবে।”
আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইসি নাসির উদ্দীন।
সিইসি বলেন, “কেন্দ্র দখল করে, বাক্স দখল করে বাড়ি চলে গেছে—এমন পরিস্থিতি যেন না হয়। ইউএনওদেরই সমন্বয়ের দায়িত্ব নিতে হবে। কোনো সংকট দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে হবে, ঘটনা শেষ হওয়ার পর নয়।” তিনি আরও জানান, নির্বাচন কমিশন কারও চাপে নত হবে না; প্রচলিত আইন মেনেই নির্বাচন পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদা আহমদ ও আব্দুর রহমানেল মাছউদ।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও নির্বাচনী আচরণবিধিতে কিছু পরিবর্তন আসতে পারে, ইউএনওদের তা মাথায় রাখতে হবে। তিনি জানান, প্রবাসীদের ভোট গ্রহণে ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) এবং নির্বাচনী কাজে যুক্ত ব্যক্তিদের জন্য আইসিপিভি (ইন কান্ট্রি পোস্টাল ভোট) চালু করা হচ্ছে। আগামী ১৬ নভেম্বর থেকে প্রবাসীরা অনলাইনে ভোট দিতে পারবেন।
তিনি আরও বলেন, “নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে এখন থেকেই সেই পরিবেশ তৈরি করতে হবে।”
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম ইউএনওদের উদ্দেশে বলেন, “ভয় পাওয়ার কোনো কারণ নেই, নির্বাচন কমিশন সঠিক কর্মকর্তাদের পাশে থাকবে। তবে উদ্দেশ্যমূলকভাবে অন্যায় কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় পক্ষের বিরুদ্ধে সমান ব্যবস্থা নিতে হবে, যেন কোনো পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে।”
নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, “অতি উৎসাহী বা অতি সাহসী হওয়া যাবে না। নিজের বুদ্ধি ও অভিজ্ঞতা দিয়ে কোনটা সঠিক আর কোনটা ভুল, তা বুঝে সিদ্ধান্ত নিতে হবে।”
অন্যদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “ভালো নির্বাচন ছাড়া এখন কোনো বিকল্প নেই। তাই আইন মেনে দায়িত্ব পালন করে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে।”