আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়ে তিনি সন্তুষ্ট, তবে বিস্মিত নন। তিনি জানান, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে আবারও চিঠি দেওয়া হবে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, “আজ মনে পড়ছে গণ-অভ্যুত্থানে নিহত আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, আনাসসহ অন্যান্য শহীদের কথা। মনে হচ্ছে, আজ তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। শোকসন্তপ্ত পরিবারেরাও সামান্য সান্ত্বনা পাবেন। ব্যক্তিগতভাবে আমি রায়ে সন্তুষ্ট, বিস্মিত নই।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনা ও তার সহযোগীদের মানবতাবিরোধী অপরাধের যে শক্ত, জোরালো ও বিস্তৃত প্রমাণ রয়েছে, যে কোনো দেশের আদালতেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা।”
ভারতকে উদ্দেশ করে উপদেষ্টা বলেন, “শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের শত্রুতা ও নিন্দনীয় আচরণ।”
তিনি আরও জানান, “আজ একটি বিচার হয়েছে। ইনশাল্লাহ যতদিন আমরা আছি, বিচার কার্যক্রম পূর্ণ বেগে চলবে।”