ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে কোন নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। ঢাকার যানজটের একটি বড় কারণ অকার্যকর রুটে চলা বাস। এর ফলে যাত্রীরা প্রতিদিন জ্যাম, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা এবং নানা ভোগান্তির শিকার হন। এ কারণে রাজধানী ঢাকায় চলাচলরত সব বাস একক ব্যবস্থায় চলবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে প্রেস উইংয়ের ফেসবুকে প্রকাশ করা এ সংক্রান্ত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, বাসের নিয়ন্ত্রণহীনতার বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। যেসব যাত্রী তরুণ এবং শারীরিকভাবে সক্ষম, তারা কোনোরকমে বাসে উঠতে পারেন, কিন্তু নারী, শিশু এবং বয়স্কদের জন্য এটি অনেক কঠিন হয়।
এছাড়া অফিসিয়াল ফেইসবুক পোস্টে বলা হয়, ঢাকার যানজটের একটি বড় কারণ অকার্যকর রুটে চলা বাস। এ কারণে কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে। এর ফলে রুট শৃঙ্খলা ও ভালোভাবে পরিচালিত বাস সার্ভিসের মাধ্যমে সার্বিক যানজট, ভাড়ায় প্রতারণা এবং বিশৃঙ্খলা কমবে। যাত্রীদের জন্য নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে এবং গণপরিবহন হবে আরো কার্যকর হবে।
আরো বলা হয়, রাজধানীতে বাসে চলাচলের সময় যাত্রীদের আর বাসে উঠতে লড়াই করতে হবে না বা ভাড়ায় প্রতারণার শিকার হতে হবে না। ঢাকার লাখো মানুষের জন্য বাসযাত্রা হবে সহজ, দ্রুত এবং স্বাচ্ছন্দময়।