রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হোটেল কর্মী মিলনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১২ জানুয়ারি) সকালে এক বার্তায় র্যাব সদর দপ্তর এ তথ্য নিশ্চিত করে। র্যাব জানায়, দক্ষিণ বনশ্রীর নিজ বাসায় খুন হওয়া স্কুলছাত্রীর চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে হোটেল কর্মী মিলনকে আটক করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, বাগেরহাট সদর থানা এলাকায় র্যাব-৩ ও র্যাব-৬–এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
এর আগে গত ১০ জানুয়ারি রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকার এল ব্লকের ‘প্রীতম ভিলা’ নামের একটি বাসা থেকে ফাতেমা আক্তার লিলি (১৭) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। সে রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং পরিবারের সঙ্গে ওই বাসায় বসবাস করত।
নিহতের বড় বোন শোভা জানান, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে তিনি জিমে যান। পরে বাসায় ফিরে ছোট বোন লিলিকে জড়সড় অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে মাথায় আঘাত পেয়েছে বলে মনে হলেও পরে হিজাব খুলে দেখেন, তার গলায় রশি প্যাঁচানো এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।