মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। সেখানে ময়নাতদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
সূত্র জানায়, সকাল ৯টা ৪০ মিনিটে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে ওসমান হাদির মরদেহ হাসপাতাল মর্গে পৌঁছায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পুনরায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হবে।
জানা গেছে, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর হৃদরোগ ইনস্টিটিউট থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ মরদেহ মানিক মিয়া এভিনিউয়ে নেওয়া হবে। পরে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছায়। এরপর সংরক্ষণের জন্য তা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়।
শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে শোকের পাশাপাশি ক্ষোভ বিরাজ করছে। তার সহযোদ্ধা ও সমর্থকরা ঘটনার দ্রুত বিচার এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে আসছেন।