ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে পালাতে সহায়তার অভিযোগে ভারতে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
ইউরোপপ্রবাসী সাংবাদিক ও রাজনৈতিক কর্মী জুলকারনাইন সায়ের রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে জানান, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ওই পাঁচজনকে আটক করেছে। তিনি বিষয়টি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে উল্লেখ করেন।
পোস্টে দাবি করা হয়, আটক ব্যক্তিরা হলেন—আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান বিপ্লব, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পী, মিরপুর এলাকার ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম, ছাত্রলীগ নেতা রুবেল এবং সীমান্ত এলাকায় মানবপাচারের সঙ্গে জড়িত ফিলিপস।
জুলকারনাইন সায়ের আরও দাবি করেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখকে গ্রেপ্তারে সীমান্তবর্তী এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। এ অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।