রাজধানীসহ ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাহিনীর জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।
বিজিবি জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায় ঘোষণার দিন ছিল ১৩ নভেম্বর। সেদিন ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে নিষিদ্ধ আওয়ামী লীগ। এর পর থেকেই ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায় ঘিরে অনলাইনে নতুন কর্মসূচির কথা জানাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ। এদিকে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আবারও ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।