ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার এই আদেশ প্রদান করা হয়।
ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। ঢাকার দায়রা জজ আদালতের সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার ও হোটেল শেরাটন দখল, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, ভ্যান সার্ভিস ও ফুটপাতে দোকান বরাদ্দসহ বিভিন্ন অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন।
আবেদনে আরও বলা হয়েছে, দুদকের নোটিশ সত্ত্বেও তিনি কার্যালয়ে উপস্থিত হননি। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আদালত তার বিদেশ যাত্রা স্থগিতের নির্দেশ দিয়েছেন।
সুত্রঃবাসস