দক্ষিণ আফ্রিকায় একটি মদ্যশালায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, শনিবার দিবাগত রাত ১টার দিকে জোহানেসবার্গের পার্শ্ববর্তী বেকারসডাল শহরের একটি মদ্যশালায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিবৃতিতে আরও জানানো হয়, দুটি গাড়িতে করে আসা প্রায় ১২ জন অজ্ঞাত সন্দেহভাজন মদ্যশালায় প্রবেশ করে সেখানে উপস্থিত লোকজনের ওপর এলোপাতাড়িভাবে গুলি চালায়। হামলার পর গুলি ছুড়তে ছুড়তে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয় পুলিশ কমিশনার জানান, হামলার কারণ ও ঘটনার পেছনের প্রেক্ষাপট জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে প্রাদেশিক অপরাধ ব্যবস্থাপনা দল ও স্থানীয় অপরাধ রেকর্ড কেন্দ্রের দুটি পৃথক দল তদন্তে কাজ করছে।