নড়াইলের লোহাগড়া উপজেলার একটি খালে কচুরিপানার ভেতর থেকে মানুষের মাথার খুলি ও শরীরের বিভিন্ন হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে নলদী ইউনিয়নের হলদা গ্রামের ইছামতী বিল এলাকা থেকে কঙ্কালের এসব অংশ পাওয়া যায়। আজ রোববার সকালে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এক কৃষক জমিতে ওষুধ দিতে গিয়ে খালের কচুরিপানার ভেতরে মানুষের হাড় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি চালিয়ে মাথার খুলি ও আরও কিছু হাড়গোড় উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালের অংশগুলো উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, এগুলো সেকেলা বেগম (৬০) নামে এক নারীর হতে পারে। তিনি প্রায় ১ মাস ১০ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন।
ওসি শরিফুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া কঙ্কালের অংশ নারী নাকি পুরুষের তা এখনো নিশ্চিত নয়। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে।
এর আগে গত ২৩ জুন একই উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা এলাকায় একটি তিলখেত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মাথার খুলি, হাড়গোড় ও জামাকাপড় উদ্ধার করেছিল পুলিশ।