হজযাত্রীদের টিকা গ্রহণের আগে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। এসব পরীক্ষা আগামী ২৫ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে।
সম্প্রতি হজযাত্রীদের টিকা গ্রহণের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই হজযাত্রীদের টিকা দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের হজে অংশগ্রহণকারী প্রত্যেক হজযাত্রীকে আগামী ২৫ জানুয়ারির মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত সব স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে।
নির্ধারিত পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে— ইউরিন আর/এম/ই, র্যান্ডম ব্লাড সুগার (আরবিএস), এক্স-রে চেস্ট পি/এ ভিউ (রিপোর্টসহ), ইসিজি (রিপোর্টসহ), সিরাম ক্রিয়েটিনিন, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর) এবং ব্লাড গ্রুপিং ও আরএইচ টাইপিং।
এছাড়া দুরারোগ্য ব্যাধি শনাক্তের ক্ষেত্রে প্রযোজ্য অনুযায়ী আরও কিছু পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
-
সন্দেহজনক হৃদ্যন্ত্রের অকার্যকারিতার ক্ষেত্রে ইকোকার্ডিওগ্রাফি
-
কিডনি জটিলতার ক্ষেত্রে সিরাম ক্রিয়েটিনিন ও ইউএসজি অব কিইউবি
-
সন্দেহজনক লিভার সিরোসিস রোগের ক্ষেত্রে ইউএসজি হোল অ্যাবডোমেন ও আপার জিআইটি এন্ডোস্কপি
-
দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তে স্পুটাম ফর এএফবি, সিটি স্ক্যান অব চেস্ট, সিরাম বিলিরুবিন, এসজিপিটি এবং অ্যালবুমিন-গ্লোবিউলিন অনুপাত পরীক্ষা
হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ই-হেলথ প্রোফাইলের কপি টিকা কেন্দ্রে দায়িত্বরত মেডিকেল টিমের কাছে জমা দিয়ে টিকা গ্রহণ শেষে স্বাস্থ্য সনদ সংগ্রহ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বিষয়ে যে কোনো তথ্যের জন্য হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।