২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে দেশের সব শিক্ষা বোর্ড। রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় একযোগে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। আবেদনকারীদের মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল পাঠাচ্ছে বোর্ডগুলো।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, শিক্ষার্থীদের প্রতিটি আবেদন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচাই করা হয়েছে। সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন।
শিক্ষাবোর্ড–সংশ্লিষ্ট সূত্র বলছে, এবার খাতা পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। ১১টি বোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। সবচেয়ে বেশি আবেদন আসে ঢাকা বোর্ডে, আর সবচেয়ে কম বরিশাল বোর্ডে। ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে।
গত ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। প্রতি বিষয়ে আবেদন ফি ছিল ১৫০ টাকা।
এ বছর সারা দেশের ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠানের ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছাত্রদের ৫৪ দশমিক ৬০ শতাংশ।