প্রায় দুই দশক পর ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (৩১ জানুয়ারি) তিনি দুটি জেলায় পৃথক নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
দলীয় সূত্র জানায়, দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বিসিক শিল্প পার্কে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। এ জনসভায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে।
এরপর বিকেল ৪টায় তিনি টাঙ্গাইল জেলার ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আয়োজিত আরেকটি জনসভায় বক্তব্য দেবেন। টাঙ্গাইল জেলায় এটিই তারেক রহমানের প্রথম রাজনৈতিক জনসভা বলে জানিয়েছে বিএনপি।
তিন দিনের দলীয় কর্মসূচি শেষে সড়কপথে ঢাকায় ফেরার সময় এই দুই জনসভায় অংশ নিচ্ছেন তিনি। সফরকে ঘিরে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু জনসভাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন।
সিরাজগঞ্জের ছয়টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
অন্যদিকে টাঙ্গাইলের জনসভা সফল করতে দলীয় প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু সার্বিক তদারকি করছেন। তিনি একাধিকবার সমাবেশস্থল পরিদর্শন করেছেন এবং কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। বৃহস্পতিবার রাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভাও করেন তিনি।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি টাঙ্গাইল সফরের কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তা বাতিল করা হয়েছিল। দেশে ফেরার পর এটিই টাঙ্গাইলে তারেক রহমানের প্রথম সফর।
এ ছাড়া ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সর্বশেষ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। প্রায় ২০ বছর পর তার সিরাজগঞ্জ সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিশেষ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।