বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন বিশ্বকাপে ভারতভিত্তিক ম্যাচে অংশ নিতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ। বিশেষত আইপিএলে মুস্তাফিজুর রহমানের খেলার প্রতি ভারতের কট্টর হিন্দুত্ববাদী নেতাদের তীব্র বিরোধিতাকে এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর দাবি জানালেও আইসিসি তা মেনে নেয়নি। ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি বাংলাদেশের এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন। তিনি বলেছেন, “শেখ হাসিনা ভারতে নিরাপদে আছেন। যদি সাবেক প্রধানমন্ত্রী নিরাপদে থাকেন, তাহলে ক্রিকেটাররাও নিরাপদ থাকবেন।”
তিনি আরও বলেন, “এই সিদ্ধান্ত ক্রিকেটারদের জন্য ক্ষতিকর। তারা দেশের হয়ে খেলতে চায় এবং বিশ্বকাপে ভালো পারফর্ম করতে চায়। কিন্তু এখন তাদের হাতে কোনো বিকল্প নেই। আইসিসির নির্দেশনাও পরিষ্কার – খেলবেন অথবা সরে যাবেন।”
ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে নিরাপত্তা উদ্বেগের বিষয়টি বিবেচনা করা হলেও বাংলাদেশের ক্ষেত্রে আইসিসি ভিন্ন অবস্থান নিয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশি সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যার খবর প্রকাশিত হয়েছে। মুস্তাফিজকে আইপিএল থেকে সরানোও এ ধরনের বাংলাদেশবিরোধী প্রক্রিয়ার অংশ।”
সংশ্লিষ্টরা মনে করেন, ভারতের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট এবং সম্প্রতি ঘটানো হামলা ও হুমকি এই নিরাপত্তা শঙ্কাকে বাস্তব ও গুরুতর করে তুলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন নিরাপত্তা বিষয়টি মাথায় রেখে দেশের ক্রিকেটারদের জন্য পরবর্তী পদক্ষেপ নির্ধারণের চেষ্টা করছে।