আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশে ২৯৮টি নির্বাচনী এলাকায় মোট ১,৯৮১ প্রার্থী ভোটের লড়াইয়ে নামবেন।
এর মধ্যে ৫১টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ১,৭৩২ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন।
ইসির তথ্য অনুযায়ী, সর্বোচ্চ প্রার্থী দিয়েছে বিএনপি (২৮৮টি আসনে)। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৩, জামায়াতে ইসলামি ২২৪, জাতীয় পার্টি ১৯২, গণঅধিকার পরিষদ ৯০, খেলাফত মজলিস ৩৪, জাতীয় নাগরিক পার্টি ৩২ এবং আমার বাংলাদেশ পার্টি ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
ইসি জানিয়েছে, পাবনা-১ ও পাবনা-২ আসনের জন্য নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। এই দুই আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ২৭ জানুয়ারির পর প্রকাশ করা হবে।
ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি, সকাল ৭.৩০টা থেকে বিকেল ৪.৩০টা পর্যন্ত। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে।
সুত্রঃ বাসস