সম্প্রতি উপদেষ্টাদের নিয়োগ নিয়ে জনগণের তোলা প্রশ্নের বিষয়ে উপদেষ্টাদের কাছ থেকে স্পষ্ট বিবৃতি চেয়েছে জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরউদ্দীন পাটোয়ারী শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ মন্তব্য করেছেন।
‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ১০০ দিন উপলক্ষে জুলাই গণহত্যার দায়ী আওয়ামী লীগের বিচার এবং শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবিতে নাগরিক সমাবেশে’ তিনি বলেন, উপদেষ্টাদের নিয়ে সম্প্রতি জনগণ প্রশ্ন তুলেছে। উপদেষ্টাদের কাছ থেকে নাগরিক কমিটি এ বিষয়ে স্পষ্ট বিবৃতি চায়।
তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় এখনও আওয়ামী লীগের দোসর, যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তারা রয়ে গেছে। তাদের বিতাড়িত করুন নয়তো ছাত্র জনতাকে আরেকটি যুদ্ধ করতে হবে, যেখানে আগামীর রাষ্ট্র ছাত্ররা চালাবে এবং জনগণ যে ক্ষমতার কেন্দ্রবিন্দু সেটা দেখাতে বাধ্য হবে।
তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল যারা টাকা বা মামলার বিনিময়ে বা অন্য কোনো উপায়ে আওয়ামী লীগের দোসর ব্যবসায়ী, শিক্ষক ও বুদ্ধিজীবীদের আশ্রয় দেওয়ার চেষ্টা করছেন, আপনারা এ থেকে বের হয়ে আসুন। নয়তো আপনাদের রাজনৈতিক যন্ত্র-কলাকৌশল ছাত্ররা দখল করে নেবে। নির্বাচনের যে লেজিটিমিসির কথা বলছেন তার কবর রচনা করবে ছাত্র-জনতা।
নাসীরউদ্দীন পাটোয়ারী বলেন, আহতদের নিয়ে অনেক দল রাজনীতি করছে। আপনারা টাকার বিনিময়ে রক্ত বিক্রি করে দেবেন না। একাত্তরের মুক্তিযুদ্ধাদের নিয়ে একদল নকল সার্টিফিকেট বানিয়ে আসল মুক্তিযোদ্ধাদের মর্যাদা ক্ষুন্ন করেছে। ২৪’ এর বিপ্লবে আমরা এটা হতে দেব না।
নাগরিক কমিটির সদস্য আরিফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এই গণহত্যা করেছিল। ওবায়দুল কাদের বলেছিলেন, ছাত্রদের আন্দোলন দমিয়ে রাখতে ছাত্রলীগই যথেষ্ট। আওয়ামী লীগ দলীয়ভাবে এ দেশের নাগরিকদের হত্যা করেছে। যে আইনশৃঙ্খলা বাহিনী নাগরিকদের নিরাপত্তার জন্য, তাদের দলীয়ভাবে ব্যবহার করেছে।
এ সময় তিনি আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ করার দাবি জানান।