ফেনীর ছাগলনাইয়ায় নিখোঁজের ৬ বছর পর আবদুল আহাদ (৪৬) নামে এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) সকালে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে অচেতন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মরদেহের পকেটে থাকা উত্তরা ব্যাংক ফেনীর বিরিঞ্চি শাখার একটি চেকের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। পরে ব্যাংক কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের ইমানী মিয়ার ছেলে আবদুল আহাদ। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের বোন নাঈমা নাসরিন মনি জানান, তার ভাই একসময় সিলেট ব্রিটানিকা উইমেন্স কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। পরে কাস্টমস অডিটর পদে সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ১ মে চট্টগ্রাম বিমানবন্দরে কর্মরত অবস্থায় তিনি নিখোঁজ হন। এরপর অজ্ঞাত নম্বর থেকে অপহরণের কথা জানিয়ে বিকাশে দুই লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। টাকা দেওয়ার পরও আর তার খোঁজ মেলেনি।
তিনি আরও বলেন, “দীর্ঘ ছয় বছর পর সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারি, ফেনীতে আমার ভাইয়ের মরদেহ উদ্ধার হয়েছে।”
নিহতের ভাগিনা মোস্তাফিজুর রহমান সাকিফ জানান, “নিখোঁজের পর পরিবারের শোক সহ্য করতে না পেরে তার নানা-নানী মারা যান। ছোট মেয়ে গর্ভে থাকতেই মামা নিখোঁজ হন। এখন তার মরদেহ পাওয়া রহস্যজনক।”
ছাগলনাইয়া থানার ওসি মো. আবুল বাশার বলেন, “নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”