বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি জারি করবে।
সোমবার নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, গণভোটের বিষয়ে এখনো নির্বাচন কমিশনে কোনো তথ্য আসেনি।
তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মোট ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে। এসব কেন্দ্রে কক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি, যার মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলা ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি।
এছাড়া নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রক্রিয়া চলতি সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে বলেও জানান ইসি সচিব আখতার আহমেদ।