দশ বছরের বিরতির পর আবারও পর্দায় ফিরছেন বলিউড তারকা রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তামাশা’ ছিল তাঁদের শেষ যৌথ কাজ। দীর্ঘদিন ধরে জল্পনা থাকলেও এবার নতুন ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত হয়েছে।
ছবিটি পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়, যিনি রণবীর–দীপিকাকে নিয়ে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো সফল ছবি উপহার দিয়েছিলেন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তাঁর নতুন সিনেমার গল্প তৈরি হচ্ছে রাজ কাপুরের ১৯৫৬ সালের ক্ল্যাসিক ‘চোরি চোরি’ থেকে অনুপ্রাণিত হয়ে, যেখানে আধুনিক ধাঁচে বেশ কিছু নতুন মোড় যোগ করা হচ্ছে।
এ ছবির মাধ্যমে রণবীর কাপুর প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করতে পারেন। তাঁর নতুন প্রযোজনা সংস্থার নাম রাখা হয়েছে আরকে ফিল্মস, যা কাপুর পরিবারের ঐতিহ্যের আধুনিক রূপ হিসেবে দেখা হচ্ছে।
সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও শিগগিরই প্রি-প্রোডাকশন সম্পন্ন হবে। ২০২৬ সালের শুরুতে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে, যেখানে ভারতের বাইরে একাধিক দেশেও দৃশ্যধারণ করা হতে পারে।