সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে চলা মোটরসাইকেল শোডাউনের সময় বাইকের ধাক্কায় ফজর আলী (৭৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজর আলী স্থানীয় কারিগরপাড়ার বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। ঠিক তখনই শোডাউনের মোটরসাইকেলের একটি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। রাতে বাদামতলায় জানাজা সম্পন্ন হয়।
আলীপুর ইউপি সদস্য ইকবাল হোসেন জানান, সাতক্ষীরা পলিটেকনিক কলেজসংলগ্ন বাইপাস গোলচত্বর থেকে শোডাউন শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরছিল। বাদামতলায় রাস্তা পার হওয়ার সময় ধাক্কা লেগে ফজর আলী ঘটনাস্থলেই মারা যান।
তবে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দাবি করেন, ফজর আলী তাদের সমর্থক ছিলেন এবং সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোটরসাইকেলের লুকিং গ্লাসে ধাক্কা লেগে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা সদর থানার এসআই মেহেদী হাসান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।