ঢাকা মেট্রোরেল সম্পূর্ণ নিরাপত্তা বিধি মেনে চলাচল করছে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটি জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে, তাই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
বুধবার (২৯ অক্টোবর) সংবাদ মাধ্যমে পাঠানো ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেল নিরাপত্তাসংক্রান্ত সব বিধিবিধান অনুসরণ করে চলাচল করছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হতে।
ডিএমটিসিএল আরও জানায়, মেট্রোরেলের নিরাপদ চলাচল বজায় রাখতে নিয়মিত পরিদর্শন ও কারিগরি পরীক্ষার কাজ চলছে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রকৌশল, যান্ত্রিক ও তদারকি দল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর দুপুর সোয়া ১২টার দিকে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারী নিহত ও দুইজন আহত হন। এরপর থেকে ওই স্থানে ধীরগতিতে চলছে মেট্রোরেল।