মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশন বসে। ওই অধিবেশনে অংশগ্রহণ করতে পারেননি বাংলাদেশ ক্রিকেটের দুই পোস্টারবয় সাকিব আল হাসান ও মাশরাফি মর্তুজা। তারা প্রথম অধিবেশনের প্রথম দিনে অংশ না নিয়ে সিলেটে বিপিএল খেলেছেন।
মাশরাফি মর্তুজা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তাকে দ্বাদশ জাতীয় সংসদের পাঁচজন হুইপের একজন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্য দিকে সাকিব আল হাসান আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মাগুরা থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এর আগে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম ৩০ জানুয়ারি বসবে বলে জানানো হয়। ওই দিন সংসদে থাকবেন নাকি মাঠে এমন এক প্রশ্নে মাশরাফি বলেছিলেন, ‘দেখা যাক কী হয়, এখনই বলতে পারছি না।’ শেষ পর্যন্ত লম্বা সময় ক্রিকেট মাঠে কাটানো মাশরাফি সংসদ নয় ক্রিকেট মাঠকেই বেছে নিলেন।
মঙ্গলবার সিলেট স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় অংশ নেয় সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নুরুল হাসানের নেতৃত্বে ম্যাচটি তারা ৮ রানে জিতেছে। দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্স খেলছে ফরচুন বরিশালের বিপক্ষে।