অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। গত বছর পাস হওয়া শিশু–সুরক্ষা আইন অনুযায়ী চলতি সপ্তাহ থেকেই ফেসবুক, টিকটকসহ সব প্ল্যাটফর্মকে ১৩–১৫ বছর বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট মুছে ফেলতে হবে।
ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, আগামী ৪ ডিসেম্বর থেকে তারা এসব অ্যাকাউন্ট বন্ধ করা শুরু করবে। বৃহস্পতিবার থেকেই বয়স শনাক্ত হওয়া কিশোর ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠানো হচ্ছে।
অস্ট্রেলিয়া সরকার বলেছে, ১০ ডিসেম্বরের পর কোনো প্ল্যাটফর্ম এ নিয়ম অমান্য করলে ৩২ মিলিয়ন ডলার পর্যন্ত জরিমানা করা হবে। মেটা জানিয়েছে, আইন কার্যকর হওয়ার আগেই তারা অ্যাকাউন্ট অপসারণের প্রক্রিয়া শুরু করছে। ভুলবশত কেউ অপ্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত হলে ভিডিও সেলফি বা জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে বয়স যাচাইয়ের সুযোগ থাকবে।
আইনটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানের আপত্তিও আছে। তারা বলছে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হলেও তাদের পুরোপুরি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখা কার্যকর সমাধান নয়।
অস্ট্রেলিয়ার এ পদক্ষেপ বিশ্বজুড়ে নজর কাড়ছে। অন্যান্য দেশও সামাজিক যোগাযোগমাধ্যমের ঝুঁকি কমাতে নতুন নীতিমালা বিবেচনা করছে। নিউজিল্যান্ড শিগগিরই একই ধরনের বিল পার্লামেন্টে তুলতে যাচ্ছে, আর নেদারল্যান্ডস ১৫ বছরের কম বয়সীদের টিকটক ও স্ন্যাপচ্যাট ব্যবহার না করার পরামর্শ দিয়েছে।