আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ও দেশব্যাপী চলমান নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে শেখ মুজিবুর রহমানের ‘এক তর্জনী’ স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের স্বাধীনতা চত্বরে বুলডোজার দিয়ে স্তম্ভটি ভেঙে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। আওয়ামী লীগের লকডাউন ঘোষণা, যানবাহনে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে তারা এ বিক্ষোভ করে। পরে শহরের শহিদ মিনার সংলগ্ন স্বাধীনতা চত্বরে থাকা শেখ মুজিবুর রহমানের ‘এক তর্জনী’ স্তম্ভটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন বিক্ষুব্ধরা।
এর আগে গত ৫ আগস্ট চব্বিশে জুলাই আন্দোলনের সময় স্তম্ভটি আংশিকভাবে ভাঙচুর করা হয়েছিল। তবে তখন কিছু অংশ অক্ষত ছিল। আজকের ঘটনায় সেই অবশিষ্ট অংশও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।
ঝিনাইদহের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সাইদুর রহমান বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে অতীতে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করেছে। জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষকে আওয়ামী লীগ ও হাসিনা পঙ্গু করেছে, দেড় হাজারের বেশি ছাত্র-জনতাকে হত্যা করেছে। আজও সেই শহিদদের রক্ত শুকায়নি। কিন্তু আওয়ামী লীগ আবারও অগ্নিসন্ত্রাসে লিপ্ত হয়েছে—তাই বিক্ষুব্ধ জনতা প্রতিরোধে নেমেছে।”
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “বিক্ষুব্ধ ছাত্র-জনতা স্তম্ভটি ভেঙে দিয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”