এনবিসি ও এবিসি টেলিভিশনের লাইসেন্স বাতিল চান ট্রাম্প

এনবিসি ও এবিসিকে ইতিহাসের “সবচেয়ে খারাপ ও পক্ষপাতদুষ্ট টেলিভিশন নেটওয়ার্ক” আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ফেডারেল কমিউনিকেশন্স কমিশন (এফসিসি) যদি টিভি স্টেশন দুটির লাইসেন্স বাতিল করে, তবে তিনি এ উদ্যোগে সমর্থন জানাবেন। খবর স্ট্রেইটস টাইমস ও ব্লুমবার্গের।

ট্রুথ সোস্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, “গত আট মাস মার্কিন প্রেসিডেন্টদের ইতিহাসে অন্যতম সেরা সময় হলেও আমার জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এনবিসি ও এবিসি আমাকে নিয়ে ৯৭ শতাংশ নেতিবাচক সংবাদ প্রচার করেছে। এটি প্রমাণ করে তারা ডেমোক্র্যাট পার্টির হাতিয়ার। সেক্ষেত্রে তাদের লাইসেন্স বাতিল করা উচিত। কারণ এত পক্ষপাতদুষ্ট ও অসত্যবাদী সংবাদমাধ্যম আমাদের গণতন্ত্রের জন্য প্রকৃত হুমকি।”

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে টেলিভিশন স্টেশনগুলোর লাইসেন্স ইস্যু ও নবায়নের দায়িত্বে রয়েছে এফসিসি।

এর আগেও বড় সংবাদমাধ্যমগুলোর সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়েছেন ট্রাম্প। গত জুলাইয়ে সিবিএস নিউজের সঙ্গে একটি মামলায় ১ কোটি ৬০ লাখ ডলারে সমঝোতায় পৌঁছান তিনি। এছাড়া এবিসির বিরুদ্ধেও করা মানহানির মামলায় দেড় কোটি ডলারে নিষ্পত্তি হয়।

উল্লেখ্য, ট্রাম্প তার প্রথম মেয়াদেও এনবিসির সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন। ২০১৭ সালে এনবিসি ট্রাম্পের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সমৃদ্ধকরণের আহ্বান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। পরে ট্রাম্প তা অস্বীকার করে এফসিসিকে নেটওয়ার্কটির লাইসেন্স বাতিলের আহ্বান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *