বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে। ভারতীয় সংবাদমাধ্যম হটারফ্লাই জানিয়েছে, সুনীতা মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন।
হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫–এর ধারা অনুযায়ী দায়ের করা মামলায় সুনীতার অভিযোগ—গোবিন্দ পরকীয়ায় জড়িত ছিলেন, সংসারে নির্যাতন করেছেন এবং প্রতারণা করেছেন। আদালত ২৫ মে অভিনেতাকে তলব করলেও তিনি হাজির হননি। পরে আদালত তাঁর বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে। অন্যদিকে সুনীতা নিয়মিত শুনানি ও পরামর্শদাতা সেশনে উপস্থিত হচ্ছেন।
এর আগে নিজের ইউটিউব চ্যানেলে সুনীতা দাম্পত্য জীবনের নানা কষ্টের কথা শেয়ার করেছিলেন। সেখানে কাঁদতে কাঁদতে বলেছিলেন,
“আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যাতে আমার বিয়ে টিকে যায়। কিন্তু তা হয়নি।”
তিনি আরও অভিযোগ করেছিলেন,
“যে আমার ঘর ভাঙার চেষ্টা করবে, তার ভালো হবে না। আমি এখন আর কাউকে বিশ্বাস করি না।”
প্রতিবেদন অনুযায়ী, সুনীতা বেশ কয়েক মাস ধরে ছেলেমেয়েকে নিয়ে আলাদা থাকছেন। এমনকি চলতি বছর জন্মদিনেও একা সময় কাটাতে দেখা গেছে তাঁকে।
তবে গোবিন্দের পক্ষ থেকে বিচ্ছেদের বিষয়টি অস্বীকার করা হচ্ছে। তাঁর ঘনিষ্ঠ এক সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেন,
“এখন কিছু সমস্যা দেখা দিলেও ডিভোর্সের প্রশ্নই আসে না। মানুষ পুরোনো বিষয় টেনে এনে বাড়িয়ে বলছে।”
অভিনেতার ম্যানেজার শশীও জানান,
“সব দম্পতির মধ্যেই মতবিরোধ থাকে। এগুলো অনেক পুরোনো বিষয়, যেগুলোকে এখন মশলা মিশিয়ে কাজে লাগানোর চেষ্টা করছে কিছু মানুষ ও মিডিয়া।”