ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সরব উপস্থিতি সব সময়ই নজর কাড়ে ভক্তদের। তবে প্রায়ই নেটিজেনদের একাংশের কটাক্ষ ও সমালোচনার মুখে পড়তে হয় এই অভিনেত্রীকে। এবার সেই সমালোচকদের উদ্দেশ্য করেই দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ এক বার্তা দিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন পরীমণি। সেখানে তিনি জীবন, সৌন্দর্য ও নেতিবাচক মানসিকতা নিয়ে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেন।
পোস্টে পরীমণি লেখেন,
“বুঝেন, খুশি থাকেন। অন্যের সৌন্দর্য বা বয়স নিয়ে না ভেবে নিজের জীবনের বেঁচে থাকা সৌন্দর্যটুকু খুঁজে তা উপভোগ করতে শিখুন। জীবন ছোট-বড় বলে কিছু নেই। এ জীবন কিন্তু অনিশ্চিত।”
সমালোচকদের নেতিবাচক মানসিকতার ইঙ্গিত করে তিনি আরও লেখেন,
“তাই মনের কুৎসিত দিয়ে সুন্দর কিছু দেখতে না–পারার যে ব্যর্থতা, তাদের জন্য আমার মোটেও খারাপ লাগছে না। বরং আমি আমার জীবনের সুন্দর আলোয় নিজেকে দেখতে জানি।”
পোস্টের শেষাংশে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে প্রকাশ করে তিনি বলেন,
“আমি একটা পরী।”
পরীমণির এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভক্তরা তার আত্মবিশ্বাসী ও ইতিবাচক বার্তার প্রশংসা করছেন। অনেকেই মন্তব্য করেছেন, অকারণে মানুষের বয়স, চেহারা কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে যারা ট্রল করেন—এই পোস্ট তাদের জন্য যথার্থ ও সময়োপযোগী জবাব।
উল্লেখ্য, ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে নানা সময় আলোচনায় থাকলেও পরীমণি বরাবরই নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে পিছপা হন না। সমালোচনার মাঝেও আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস ধরে রাখাই যেন তার এই বার্তার মূল বক্তব্য।